চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বিয়েন বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মুকুল নামে এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত মুকুল (৪০) উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামের টুনু মিয়ার ছেলে। এই সময় একলাস (৩০) নামে আরো এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে গুরতর জখম করে দূর্বৃত্তরা। সে একই গ্রামের তাইফুদ্দিনের ছেলে। কানসাট বহালাবাড়ী এলাকার ইয়াসিন আলীর ছেলে বিপ্লব আহত হয়।
চাঁপাইনবাবগঞ্জের এ এস পি মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার মোবারক পুর থেকে ১০ জন ভুটভুটি যোগে কানসাট বিয়েন বাজার এলাকা অতিক্রম করার সময় দূর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এই সময় ভুটভুটি যাত্রী আওয়ামীলীগ কর্মী মুকুলকে কুপিয়ে হত্যা করে তারা। পরে খবর পেয়ে পুলিশ কানসাট বিয়েন বাজার এলাকার পার্শবর্তী একটি আমবাগান থেকে মুকুলের লাশ উদ্ধার করেছে।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
