সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আরেকটি অটোরিকশাও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান কদমতলী বাসটার্মিনাল থেকে একটি বাস জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি তেতলি এলাকায় যাওয়ার পর মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটির গতিরোধ করে। পরে বাসে কেরোসিন ঢেলে আগুন দিলে বাসটি পুড়ে যায়। বাসে আগুন দেয়ার পর যাত্রীরা আতঙ্কে চিৎকার করে লাফিয়ে প্রাণে রক্ষা পায়। পরে ফায়ার ব্রিগেডকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভায়।
