নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টায় শহরের চাষাঢ়ায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে বঙ্গবন্ধু সড়কে বন্ধন পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসের চালক সহ অন্তত ৫জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী বন্ধন পরিবহনের বাস (চট্র মেট্রো ব ১১-০০০৯) শহরের চাষাঢ়ায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসা মাত্র সাদা রঙয়ের একটি প্রাইভেটকার সামনে ব্রেক করলে বাসটিও থেমে যায়। এ সময় পাশের নূর মসজিদের গলি থেকে আসা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে উঠে ভাঙচুর করে পেট্রোল ও পাউডার দিয়ে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে দাউ দাউ করে আগুন জলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের চালক নবী হোসেন বলেন, ‘আমার বাসের সামনে একই সাদা রঙয়ের প্রাইভেটকার ব্রেক করার পর বাসটি থামানোর পরেই কয়েকজন যুবক বাসে উঠে আগুন দেয়। আমি জানালা দিয়ে নিচে লাফ দিলেও পরে আমাকেও মারধর করে।’
দ্রুত বাস থেকে নামতে গিয়ে নবী হোসেন, স্ত্রী ফরিদা বেগম, যাত্রী এমদাদুল সহ অন্তত ৫জন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, দুর্বৃত্তরা দ্রুতবেগে এসে আগুন দিয়ে পালিয়ে গেছে।
