নোয়াখালীর সেনবাগ উপজেলায় বখাটের ছুরিকাঘাতে অর্চনা রানী দাশ (২৩) নামে এক তরুণী নির্মমভাবে খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অর্চনা ওই গ্রামের সুরেশ চন্দ্র দাশের মেয়ে। এ ঘটনার পর ঘাতক রিপন চন্দ্র দাশ (২৬) নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে এলাকার লোকজন গুরুতর আহত রিপনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রিপনকে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের অর্চনা রানী দাশকে একতরফাভাবে একই এলাকার রিপন ভালবাসতেন। কিন্তু এতে সাড়া না দেয়ায় রিপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছোরা নিয়ে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে অর্চনার বসত ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই অর্চনার মৃত্যু হয়। এ সময় রিপন নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
