বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধে শনিবার (১০ জানুয়ারি) নড়াইলে ঈগল পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা-মেট্টো-ব-১১-০২৬৮) আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের নড়াইল-লক্ষীপাশা সড়কের হাতিরবাগান নামকস্থানে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিদগ্ধ যশোরের চাড়াভিটা এলাকার হবি খান (৫৫) ও শুখদেবকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরমেয়র জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইল শহরের রুপগঞ্জ বাজার কাউন্টার থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি নৈশ কোচ ৩০ জন যাত্রী নিয়ে শহরের রুপগঞ্জ বাজার ছেড়ে হাতিরবাগান এলাকায় পৌঁছালে একদল দূর্বৃত্ত যাত্রীবাহী বাসের ভিতর পেট্রোল বোমা ছুড়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ঘটনাস্থল থেকে পেট্টোল বোমা বিস্ফোরনের আলামত উদ্ধার করেছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঈগল পরিবহনের একটি নৈশ কোচে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর থানা পুলিশ নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র জুলফিকার আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
