কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফের নাশকতার ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তরা রেললাইনের ৩ ফুট কেটে ফেলেছে। এতে চট্টগ্রাম অভিমুখী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-চাঁদপুর পথে ৭ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষ হলে শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলপথে এ নাশকতার জন্য অবরোধ আহ্বানকারী ২০ দলীয় জোটের শরিক জামায়াত-শিবিরকে দায়ী করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব। পুলিশ ঘটনাস্থল থেকে রেল লাইনের লোহা কাটার বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। ঘটনাটি তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেতাগাঁও নামক স্থানে শনিবার ভোরে এ নাশকতার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৪র্থ দিনে শুক্রবার গভীর রাতে কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বেতাগাঁও নামক স্থানে দুর্বৃত্তরা রেললাইনের এক পাশের প্রায় ৩ ফুট কেটে ফেলে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী মহানগর গোধূলী এক্সপ্রেস (৭২২) ট্রেনটি গতকাল শনিবার ভোরে নাঙ্গলকোটের বেতাগাঁও এলাকায় পৌঁছুলে ইঞ্জিনসহ ১টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লোহা কাটার ৩০টি হ্যাকস ব্লেড ও রেললাইনের কেটে ফেলা অংশ উদ্ধার করে। দুর্ঘটনার ফলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন ও চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসামে আটকা পড়ে এবং ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার প্রায় ৪ ঘন্টা পর গতকাল শনিবার সকাল ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও উদ্ধার কাজ শেষে ৭ ঘন্টা পর বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল নাশকতায় বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক লোকোমোটিভ মাস্টার (এলএম) আবুল খায়ের জানান, ট্রেনটি শুক্রবার রাত ৮.১০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের নিকটবর্তী বেতাগাঁও নামক স্থানে পৌঁছলে রেললাইন প্রায় ৩ ফুট কাটা থাকায় ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা ও ইঞ্জিনসংলগ্ন ১টি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়। এসময় রেললাইনের স্লিপার দুমড়ে-মুচড়ে যায়। তিনি আরো জানান, ট্রেনটি ৪০ কিলোমিটার গতি এবং সতর্ক থাকায় যাত্রীদের জানমালসহ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। লাকসাম রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) লিয়াকত আলী মজুমদার বলেন, দুর্ঘটনায় ৯২৭ ফুট রেললাইন এবং প্রায় ৫শ’ ফুট স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।
ট্রেন যাত্রী আবু সাঈদ জানান, ভোর বেলা অনেক যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল। এ সময় বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে যাত্রীরা যে-যার মত গন্তব্যে চলে যায়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, ট্রেনটি দুর্ঘটনা কবলিত হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। লাকসাম জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, রেললাইন কেটে নাশকতার ঘটনায় রেলওয়ে ফেনীর সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী রশীদ আহমেদ বাদী হয়ে শনিবার বিকালে রেলওয়ের লাকসাম থানায় ২৫ জনের নাম উল্লেখসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে।
তদন্ত কমিটি
রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মো. মোজাম্মেল হক জানান, রেলে নাশকতার তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
রেলপথমন্ত্রীর বক্তব্য
রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব জানান, রেলপথে যাত্রীদের জানমালের ক্ষতি করতে অবরোধের নামে জামায়াত-শিবিরচক্র রেল লাইন কেটে এ নাশকতার সৃষ্টি করছে। এ বিষয়ে মামলা হয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে অতিরিক্ত আনসার নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য এর আগে ২০১৩ সালের ২ এপ্রিল ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর (তারাকুয়া) নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফিসপ্লেট খুলে রেল লাইন উপড়ে ফেলায় তূর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ নাশকতার কবলে পড়ে। এছাড়া একই বছর ওই রেলপথের জেলার সদর উপজেলার দৌলতপুর ও বুড়িচং উপজেলার রসুলপুর এলাকায় ২টি যাত্রীবাহী ট্রেন পৃথক নাশকতার কবলে পড়ে।
কুলাউড়ায় ঘটনায় নাশকতার আলামত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, সিলেট-আখাউড়া রেলপথে কুলাউড়ার টিলাগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার রাতে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত হওয়ার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। চার সদস্যের তদন্ত দল যাত্রী ও রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। প্রাথমিক তদন্তে নাশকতার উদ্দেশ্যে ফিসপ্লেট খুলে রেলপাত তুলে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে তদন্তকারী কর্মকর্তারা মতামত প্রদান করেন। ট্রেন দুর্ঘটনা ঘটায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
উদ্ধার কার্যক্রম আংশিক শেষ হওয়ার পর লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শুক্রবার সন্ধ্যার পূর্বে সিলেট-আখাউড়া রেলপথের টিলাগাঁও স্টেশনের অদূরে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত এলাকায় ধানি জমিতে পড়ে থাকা অবশিষ্ট দু’টি বগি উদ্ধারের পর মাঠ পর্যায়ে তদন্ত শুরু হয়।
তদন্ত দলের প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম মোবাইল ফোনে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনের বেশ কয়েকজন যাত্রী, গ্যাংম্যান (ওয়ে ম্যান), ট্রেনের চালক, পরিচালক (গার্ড)-এর সাক্ষ্য গ্রহণ করা হয়। স্বাক্ষ্য গ্রহণ ও ঘটনাস্থলের আলামতে প্রাথমিকভাবে বোঝা যায় দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যেই ফিসপ্লেট খুলে রেলপাত তুলে রেখেছিল। তিনি বলেন, ট্রেনটি মাইজগাঁও স্টেশনে বিকল হওয়ায় বেশিরভাগ যাত্রী এ ট্রেন থেকে নেমে ঢাকাগামী উপবন ট্রেনে উঠে চলে আসায় অল্প সংখ্যক যাত্রী আহত ছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি।
শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, আন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, উপবন, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন গড়ে ১৪ ঘন্টা করে বিলম্বে চলাচল করছে। এ সম্পর্কে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, অবরোধে রেলপথে নাশকতা শুরু হওয়ায় এখন রাতে ট্রেন চলাচলের আগে পেট্রল পাইলট নামের অগ্রবর্তী দল হিসাবে একটি ইঞ্জিন যাওয়ার পর যাত্রীবাহী ট্রেন চলাচল করতে হচ্ছে। ফলে এই সিডিউল বিপর্যয় ঘটেছে।
