সিলেটে পিকেটিং করতে গিয়ে শিবিরকর্মীর মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৪:৫৬
 
পিকেটিং করতে গিয়ে প্রাণ হারালো শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক শিবিরকর্মী। শনিবার রাত সাড়ে ১০টায় দিকে এই ঘটনা ঘটে। শরিফুল সিলেট সদর উপজেলার টুকেরবাজারের বলাউরা নয়ামসজিদ এলাকার বাসিন্দা ও মৃত আফতাব আলীর ছেলে।
প্রত্যদর্শীরা জানান, ঘটনার সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার জাঙ্গাইল পয়েন্টে গাড়ি ভাঙচুর করছিল। এমন সময় দ্রুত গতির একটি মিনিট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঐ যুবক মারা যায়।
এদিকে, রাত দেড়টার দিকে স্থানীয়রা ঘটনাটি এসএমপির জালালাবাদ থানা পুলিশকে অবহিত করেন। রাত সোয়া দুইটার দিকে মহানগরীর জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবির সমর্থিত শরিফুল ভাংচুর করার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঐ যুবক মাথায় গুরুতর আঘাত পান ও ডান পা ভেঙে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।