‘সিরিজে কোহলির ব্যাটিং ছিলো অপূর্ব-অসাধারণ’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৮:০৮
 
 
অস্ট্রেলিয়ার কাছে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে ভারত। এমন ফলাফলে টিম ইন্ডিয়া দল হিসেবে প্রশংসা না পেলেও, দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং মন জয় করেছে ক্রিকেট বিশ্বের। ঠিক তেমনই কোহলির ব্যাটিং-এর প্রশংসা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ‘পুরো সিরিজে কোহলির ব্যাটিং ছিলো অপূর্ব-অসাধারণ। দুর্দান্ত ব্যাটিং করেছে সে। চার টেস্টে সাত’শর কাছাকাছি রান করা, সহজ কাজ নয়।’
 
বিদেশের মাটিতে গত ইংল্যান্ড সফরের নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। প্রেমিকা বলিউড তারকা আনুশকা শর্মা ঐ সফরে সাথে থাকায় পারফরমেন্সের গ্রাফটা কোহলির নিম্নমুখী ছিলো বলে অনেকেই মন্তব্য করেন। তাই ঐ সফরের ব্যর্থতাকে সাথে নিয়ে আবারো বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে আসেন কোহলি। চার টেস্টে ব্যাট হাতে রানের ফুলঝুড়িই ফুটিয়েছেন তিনি। সিরিজ শেষে নিজের রান সংখ্যাটাকে নিয়ে গেছেন ৬৯২-তে। এরমধ্যে চারটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে।
 

কোহলির এমন নান্দনিক ব্যাটিং-এ মুগ্ধ ক্রিকেট বিশ্ব। মুগ্ধ ভারতের সাবেক দলপতি গাভাস্কারও, ‘অস্ট্রেলিয়ার মাটিতে এমন ব্যাটিং, সত্যিই অসাধারন। চার টেস্টে সাত’শর কাছাকাছি রান করা, সহজ কাজ নয়। আশা করছি ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা অব্যাহত রাখবে সে। তার আগ্রাসী মনোভাবই এমন ব্যাটিং করার অন্যতম একটি কারণ। তার ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে।’