বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

টাকার বান্ডিল করতে সেলাই বা স্ট্যাপলিং নয়

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৯:০৫
 
 
 
 
 
৫০০ টাকার নিচের নতুন ও পুরনো নোট বাঁধতে পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ ব্যবহার করতে হবে। কোনোভাবেই সেলাই বা স্ট্যাপলিং করা যাবে না। তা ছাড়া নোট প্যাকেট করার সময় ভালো নোটের সঙ্গে ছেঁড়া-ফাটা নোট মেশানো যাবে না। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে এক প্রজ্ঞাপন দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোতে পাঠিয়েছে। প্রজ্ঞাপনের নির্দেশনাগুলো ব্যাংকের ক্যাশ বিভাগকে অবশ্যই পালন করতে হবে বলেও বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়— ৫০০ টাকার নিচের নতুন, পুরনো নোট বাঁধতে ২৫ থেকে ৩০ মিলিমিটার প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ ব্যবহার করতে হবে। তবে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ, ময়লা ও বাতিল ১০০ টাকার নোটের বান্ডিলে সেলাই করার নিয়ম চালু থাকবে। পাশাপাশি নোট বাছাই, বাংলাদেশ ব্যাংকে নোট জমা দেয়া ও নেয়া, জাল নোট প্রচলন প্রতিরোধে করণীয়, ব্যাংকের শাখায় গ্রাহকদের জন্য পর্যাপ্ত ধাতব মুদ্রার ব্যবস্থা রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে।
বাজারে জাল নোটের প্রচলন রোধে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে— ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রাহকরে সঙ্গে আদান-প্রদানের সময় উন্নতমানের মেসিনে পরীক্ষা-নিরীক্ষা করে দিতে হবে। কোনোক্রমেই ব্যাংকের কাউন্টারে জাল নোটের লেনদেন করা যাবে না। কোনো নোট জাল পাওয়া গেলে তা গ্রাহককে ফেরত দেয়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী এগুলো ধ্বংস করতে হবে।