রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিকালে শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ি বাঙ্গালিদের মধ্যে সংর্ঘষের পর রবিবার সন্ধ্যায় কারফিউ জারি করেছে প্রশাসন।
সংঘর্ষে কমপক্ষে উভয়ের অন্তত বিশজন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় শহরের ভেদভেদী এলাকায় ৪টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র সৃষ্ট সংঘর্ষের জের ধরে তা পাহাড়ি-বাঙ্গালি সংঘর্ষে রূপ নেয়।
শহরের উদ্ভুত পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসন বিকেলে বিশেষ আইন-শৃঙ্খলা সভা আহবান করে। সভা শেষে কারফিউ জারি করে প্রশাসন।
সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সংঘর্ষকারীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বনরূপা বাজারের ভিতরে উপজাতীয়রা বাঙ্গালি ব্যবসায়ীদের উপর চড়াও হয়। এই খবর ছড়িয়ে পড়লে বনরূপা এলাকার বাঙ্গালিরাও তাদের উপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। এ খবর ছড়িয়ে পড়লে শহরের কলেজ গেট, আমানতবাগ, বিজয়স্বরণী, তবলছড়ি, কাঠালতলী ও ভেদভেদী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
শনিবার মেডিকেল কলেজ কার্যক্রম উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের পর রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করা হয়। এর পরও নানা গুজব ছড়িয়ে মানুষের মাঝে তৈরি হয় আতংক।
জেলা প্রশাসক সামসুল আরেফিন জানান, উদ্ভুত পরিস্থিতি নিরসনে সেনা বাহিনী-বিজিবি ও পুলিশ বাহিনীকে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজর করার নির্দেশনা দেয়া। পরিস্থিতি নিয়ন্ত্রেণে কারফিউ জারি করা হয়েছে।
