একরাম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৫:৪৫
 
 
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর সিনিয়র জুড়িসিয়্যাল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলমগীর ফারুকীর আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুইজনকেই কারাগারে প্রেরণ করেন। হত্যাকাণ্ডের পর থেকেই এই দুইজন পলাতক ছিল। জাহাঙ্গীর আদেল ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউল আলম মিষ্টার ফেনী জেলা যুবলীগের সদস্য।
আসামিপক্ষের আইনজীবী আহসান কবীর জানিয়েছেন, একরামুল হক একরাম হত্যাকাণ্ডের আসামি জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও জিয়াউল আলম মিস্টার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে। ঐ মামলায় পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশিট প্রদান করে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৮ জন কারাগারে এবং বাকিরা জামিনে রয়েছে।