ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে সাউথ্যাম্পটন। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুটি ড্রয়ের পর এবার পরাজয়ের স্বাদ পেল লুইস ফন গালের দল। এই হারের ফলে লিগের চতুর্থ স্থানে নেমে গেল ইউনাইটেড।
রবিবার ম্যান ইউ’র ঘরে মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। খেলার ৬৯তম মিনিটে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। ইতালির স্ট্রাইকার গ্রাসিয়ানো পেল্লের শট পোস্টে লাগলে ফিরতি বল পান দুসান তাদিচ। বদলি হিসেবে মাঠে নামা সার্বিয়ার এই মিডফিল্ডার বিনা বাধায় লক্ষ্যভেদ করেন। বাকি সময়ে স্বাগতিকরা আগের চেয়ে কিছুটা আক্রমণাত্মক খেললেও তারা নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
এই ম্যাচের পর তৃতীয় স্থানে উঠে এসেছে সাউথ্যাম্পটন। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯, ইউনাইটেডের ৩৭।
