অবরোধে রাজশাহীতে বাংলা আমি তোমা নাশকতা বাড়ছে। জেলা ও নগরীতে ১৩ ঘন্টায় দুইটি পিকআপে অগ্নিসংযোগ এবং পুলিশের উপর তিনটি হামলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন পদস্থ কর্মকর্তা জানান, ‘সম্প্রতি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা তিন পয়েন্টে (কানসাট, বানেশ্বর, বঙ্গবন্ধুসেতু পশ্চিম) কঠোর অবরোধের নির্দেশের পর রাজশাহীতে নাশকতায় বেড়েছে।
সোমবার নগরীর হেতেমখা ও রাজশাহী কলেজে পুলিশের ওপর হামলা, দুপুরে বিমানবন্দরের সামনের নওগাঁ সড়কে আলুবোঝাই পিকআপে এবং রবিবার রাতে খড়খড়ি বাইপাস সড়কে কীটনাশকের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পুঠিয়ার শিবপুরে পুলিশের সার্কেল এএসপির গাড়িতে ককটেল হামলা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার নগরীর সপুরায় শিবির ক্যাডাররা শর্টগান কেড়ে নিয়ে পুলিশের এক এসআই ও তিন কনস্টেবলকে পিটিয়ে জখম করে।
শাহ্ মখদুম থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া জানান, সোমবার দুপুর ১২টায় বিমানবন্দর সংলগ্ন নওগাঁ মহাসড়কে আলুবোঝাই পিকআপে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এলাকাবাসী ধাওয়া করলে তারা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নেভায়। অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। পিকআপ চালক নাজমুল জানান, নওহাটা থেকে আলু বিক্রির জন্য বায়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অবরোধকারীরা লাঠি হাতে গতিরোধ করে গাড়িতে আগুন দেয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, রবিবার রাত ১০টায় অবরোধকারীরা খড়খড়ি বাইপাস সড়কে ঢাকা থেকে আসা কীটনাশকের গাড়িতে আগুন দেয়। আগুনে গাড়ি ও কীটনাশক অর্ধেক পুড়ে যায়। খবর পেয়ে সদর দমকল ইউনিট কর্মীরা আগুন নেভায়। জড়িতদের আটকে পুলিশী অভিযান চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি খায়রুল ইসলাম জানান, অবরোধকারীরা যানবাহন চলাচল বন্ধে শিবপুরের মহাসড়কে কাঠের টুকরায় তারকাটা কাঁটা লাগিয়ে বিছিয়ে রাখে। খবর পেয়ে পুঠিয়া সার্কেল এএসপি আবু সায়েম প্রধান একদল পুলিশ নিয়ে শিবপুর যান। এসময় তার গাড়ি লক্ষ্য করে শক্তিশালী ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। কিন্তু ককটেলটি অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়ে গাড়ির সামনে বিস্ফোরিত হয়। ফলে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ মহাসড়কের আটকে পড়া প্রায় অর্ধশত বাস ও ট্রাক পুঠিয়া পার করে দেয়।
এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, নগরীর হেতেমখা ও রাজশাহী কলেজ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। সকাল সাড়ে ৯টায় ছাত্রদল নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
