তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ তিন মাস বেড়েছে। বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বিজিএমইএ’র নির্বাচন হওয়ার কথা ছিল। মেয়াদ বাড়ানোর ফলে আগামী জুন পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে। বিজিএমইএ’র সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি পরিপত্রের মাধ্যমে সদস্যভুক্ত গার্মেন্ট মালিকদের ট্রেড লাইসেন্স ও রাজস্ব-সংক্রান্ত কাগজ জমা দিয়ে সদস্যপদ হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে গত এক বছরে বিজিএমইএ প্রায় ৪শ’ কারখানার সদস্যপদ বাতিল করেছে। বিজিএমইএ’র বর্তমান সদস্য সংখ্যা ৪ হাজার ২২২। এসব সদস্যদের সব ধরণের কাগজপত্র হালনাগাদ করে ভোটার তালিকা চূড়ান্ত করতে সময়ের প্রয়োজন উল্লেখ করে তিন মাস সময় বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়।
এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম ইত্তেফাককে বলেন, সব সদস্যের ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ কিছু কাগজপত্র হালনাগাদ করতে হবে। এ জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে তিন মাস সময় বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে সদস্যপদ হালনাগাদের কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৫ মার্চ বর্তমান সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে বর্তমান পরিচালনা পরিষদ দায়িত্ব নিয়েছিল।
