বাণিজ্য মেলা প্রতিদিন

মহিলাদের পছন্দের শীর্ষে গৃহস্থালির পণ্য

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৯:৩৪
 
 
রাজধানীর পুরান ঢাকা থেকে মেলায় এসেছেন আফরোজা আক্তার। মেলায় তিন ঘণ্টা ঘুরে গৃহস্থালির ধাতব পণ্য ক্রয় করলেন। মেলার প্রধান গেট সংলগ্ন দিল্লী অ্যালুমিনিয়ামের মিনি প্যাভিলিয়নে কথা হয় তার সাথে। তিনি বলেন, কর্মব্যস্ত জীবনে মেলায় তো বারবার আসা যায় না। প্রথম দিকে লোকজনের ভিড় কম থাকে। তাই ভিড় জমার আগেই সকালে চলে এসেছি। সামনের মাসে নতুন ফ্লাটে উঠবো। মেলা থেকে পাঁচটি পাতিল, তিনটি কড়াইসহ বেশ কয়েকটি গৃহস্থালির পণ্য কিনলাম। বাণিজ্য মেলায় একসাথে গৃহস্থালির সব জিনিস পাওয়া যায়। ঘোরাঘুরিও করা হল আর সংসারের কেনাকাটাও হল।
 
মহিলাদের পছন্দের তালিকায় শীর্ষে স্থান পায় ধাতব গৃহস্থালী পণ্য। মেলায় প্রবেশ করেই তারা খুঁজে নেন ধাতব পণ্যের স্টল ও প্যাভেলিয়ন। সংসারে প্রয়োজনীয় এসব পণ্য মহিলারা ক্রয় করতে বেশি পছন্দ করেন। নতুন বছর শুরুতেই কিনে নেন নতুন সব প্রয়োজনীয় জিনিস। আবার অনেকে নতুন সংসার শুরু করতে বা পুরাতন জিনিসগুলোকে পাল্টে দিতে গৃহাস্থলীর নানা প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন বাণিজ্য মেলা থেকে।
 
মেলায় ডজনখানেক স্টল ও প্যাভিলিয়ন গৃহাস্থলীর ধাতব পণ্যের পসরা সাজিয়েছেন। এসব স্টল ও প্যাভিলিয়নগুলোতে দিন রাত বেচাবিক্রির কোলাহলের আওয়াজ ভাসতে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ভিড় জমিয়ে থাকেন।
 
মেলার প্রধান গেট সংলগ্ন দিল্লী অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়নে গিয়ে দেখা গেল বিক্রেতাদের ব্যস্ততা। বেচাবিক্রির চাপে দম ফোরানোর সময় নেই তাদের। বিক্রেতা আকতার হোসেন বলেন, নতুন মডেলের জিনিস মেলায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ক্রেতাদের অপরিচিত অনেক পণ্যও আছে। ক্রেতারা ওইসব পণ্যগুলোই বেশি পছন্দ করছেন। পণ্যের দাম ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
 
প্যাভিলিয়নের দায়িত্বরত ম্যানেজার বলেন, প্যাভেলিয়নটি ক্রেতাদের পরিচিত। এ বছরও ক্রেতাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। প্রতি বছর নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হয়। তবে এ বছর পণ্যের দাম ১০ টাকা থেকে ৫০ টাকা বেশি।
 
দাম বাড়ার কারণ জানতে চাইলে এক বিক্রেতা বলেন, পণ্য তৈরির উপকরণ ও সরবরাহ খরচ বেশি, পণ্যের দাম এর প্রধান কারণ।
 
এদিকে গৃহাস্থলীর পণ্যের প্যাভিলিয়ন কিয়াম, নোহা, কোহিনূর স্টিল ওয়ার্কস, সুমি এন্টারপ্রাইজ, স্কাইশপের চিত্রও একই রকম। এসব স্টল ও প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে স্টিল, অ্যালুমিনিয়াম, দস্তা, লোহা ও টিনের তৈরি সংসারে প্রয়োজনীয় সব জিনিসপত্র।
 
ক্রেতারা গৃহস্থালির পণ্যের ওপর ছাড় খুঁজলেও ছাড় পাচ্ছেন না এসব পণ্যে। নির্দিষ্ট দামে বিক্রি করছেন বিক্রেতারা। বিদেশি পণ্যের দাম বেশি বলে জানান কিয়ামের এক বিক্রেতা।
 
মেলার প্রধান গেট থেকে দুই হাতে কড়াই আর মাংসের ডিস নিয়ে বাসায় যাচ্ছিলেন নাজমা আক্তার। মেলার গেট থেকে বের হতে হতে কথা হয় তার সাথে। তিনি বলেন, নতুন সংসারের সব জিনিস মেলা থেকে ক্রয় করবো। তাই প্রথমই ধাতব গৃহস্থালি দিয়ে শুরু করলাম। 

প্রতিবছরই মেলা থেকে সংসারের জিনিস ক্রয় করেন শ্যামরী থেকে আসা লিমা ফারাজানা। তিনি বলেন, আজকে অল্প কিনলাম। পরে এসে পছন্দের জিনিসগুলো কিনে নেবো।