অবরোধ চললেও নির্ধারিত সময়েই রাবি'র সমাবর্তন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ২২:২২
 
আগামী ১৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তন উপলক্ষে সবপ্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০ দলীয় জোটের অবরোধ চললেও নির্ধারিত সময়েই সমাবর্তন করতে চায় রাবি কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সমাবর্তনে নিবন্ধিত গ্রাজুয়েটদের কয়েকজন।
প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী রাবি’র প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন।
সোমবার রাবি’র জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সমাবর্তন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবম সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ। নিবন্ধিত গ্রাজুয়েটদের ১৭ জানুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা এবং ১৮ জানুয়ারি সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে নিজ বিভাগ ও ইন্সটিটিউট থেকে সমাবর্তন সামগ্রী সংগ্রহ করতে হবে। এমবিবিএস, বিডিএস ও অন্যান্য ডিগ্রিধারীদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে যোগাযোগ করতে হবে।
এদিকে ২০ দলীয় জোটের টানা অবরোধের কারণে নির্ধারিত তারিখে সমাবর্তনে উপস্থিত হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিবন্ধিত গ্রাজুয়েটদের কয়েকজন। এ বিষয়ে ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত রাবির সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান তমাল বলেন, ‘অবরোধে দূরপাল্লার কোন বাস চলছে না। এমন অস্থিরতায় সমাবর্তনে যোগ দেয়া সম্ভব হবে তো?’ বগুড়ায় কর্মরত আরেক সাবেক শিক্ষার্থী মেহেরুল হাসান সুজন বলেন, ‘সমাবর্তনে অংশগ্রহণ প্রত্যেক শিক্ষার্থীর সারাজীবনের স্বপ্ন। রাজনৈতিক অস্থিরতায় সমাবর্তন হলে এবং নিবন্ধিতরা সকলে যোগ দিতে না পারলে সমাবর্তন উৎসব না হয়ে আতঙ্কে পরিণত হবে।' ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী আতিক মোহাম্মদ শরিফ বলেন, ‘অবরোধে সমাবর্তন হলে রাজশাহীর বাইরের গ্রাজুয়েটের অংশগ্রহণ অনিশ্চিত হবে।’
এ ব্যাপারে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বলেছেন, ‘সমাবর্তন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি এতে যোগ দেবেন। ফলে তারিখ পরিবর্তনের বিষয়ে আমাদের তেমন কিছু করার নেই।’ গ্র্যাজুয়েটদের যাতায়াতের সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘আমরা গ্রাজুয়েটদের জানিয়ে দিয়েছি নির্ধারিত সময়েই সমাবর্তন অনুষ্ঠিত হবে। অবরোধ হলেও তো মানুষজন যাতায়াত করছে। অবরোধের মধ্যেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। ফলে তেমন সমস্যা হবে না আশা করছি।’