মন্ত্রী পরিষদ সভায় ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার সিদ্ধান্তের প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেয়ায় গতকাল সোমবার রাতে শহরে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী লীগ, জাপা, জাসদ, সিপিবি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও মহিলা পরিষদসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। মিছিল শেষে নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দদের মিষ্টিমুখ করে।
জেলা নাগরিক আন্দোলন সূত্র জানায়, সোমবার মন্ত্রী পরিষদ সভায় এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদ সচিবকে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার প্রক্রিয়ার নির্দেশ দেন। এ নির্দেশ জানাজানি হওয়ার পর ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন জুবিলিঘাট রোডস্থ নাগরিক আন্দোলন কার্যালয় থেকে তাত্ক্ষণিক আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন—জেলা নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সম্পাদক নূরুল আমির কালাম, সিপিবি নেতা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জাসদ নেতা অ্যাডভোকেট সাদিক হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। এদিকে আজ মঙ্গলবার বিকাল ৪টায় শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিশাল আনন্দ মিছিল হবে বলে ঘোষণা দেয়া হয়।
মুক্তাগাছায় আনন্দ মিছিল
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা: ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার ময়মনসিংহকে বিভাগ উন্নীত করার প্রক্রিয়ার নির্দেশে জেলার মুক্তাগাছায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল রাত ৮টায় জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তির নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন জনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
