ভাঙ্গুড়ায় ব্রিজে আঘাত পেয়ে ট্রেনের ছাদের তিন আরোহী নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০১:২৫

বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে উপজেলায় কৈডাঙ্গা ব্রিজের অবকাঠামোর সাথে ধাক্কা লেগে আঘাত পেয়ে ট্রেনের ছাদে থাকা তিন মসুল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে রাতে রাজধানী ঢাকা থেকে বিলম্বে ছেড়ে আসা নীলফামারীগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনটি গতকাল ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা ব্রিজ অতিক্রমের সময় ছাদে ভ্রমণরত ওই পাঁচ যাত্রী গুরুতর আহত হন। নিহতরা হলেন— মাতব্বর আলী (৩০), জিয়াউর রহমান (৩২) ও সাইদুল ইসলাম (৩৫), লোহামারি, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।

ট্রেনের গার্ড গতকাল ভোর ৫টায় নিকটবর্তী চাটমোহর স্টেশনে অজ্ঞান অবস্থায় আহতদের নামিয়ে দেন বলে জিআরপি পুলিশের এসআই জানিয়েছেন। চাটমোহর স্টেশন মাষ্টার মোঃ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়।

অবরোধ ও বিশ্ব ইজতেমায় যাত্রীদের প্রচণ্ড চাপে ট্রেনে উপচেপড়া ভিড়ের কারণে অসংখ্য মানুষ ছাদে ভ্রমণ করতে বাধ্য হয়। দুর্ঘটনাবহুল কৈডাঙ্গা ব্রিজের দুই পাড়ে এসময় রেলের সতর্কতামূলক কোন ব্যবস্থা না থাকায় তারা দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।