চাঁদপুরের পুরাণ বাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু। এ সময় আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন। সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঘনকুয়াশার কারণে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এভি পারাবাত-৯ এবং বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৮ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুন্দরবন লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং এই লঞ্চের ভিআইপি কেবিনে থাকা যাত্রী শাহানা বেগম (৬৫) এবং সাকিল (৬) ঘটনাস্থলে মারা যায়। আহত কমপক্ষে ১০জন। আহতদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
আহতরা হচ্ছেন, রূপা (২৭), ডালিয়া (৩৮), শিউলী (৩৫), রাব্বি (১১), মনোয়ারা বেগম (৫০), সুরাইয়া (২৮), জেরিন (৮), জাহাঙ্গীর (৩৬) ও মো. ওয়াহিদ (২০)। অপর একজনের নাম জানা যায়নি।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসেন জানান, লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ফিরে আসতে আসতেই লঞ্চ দুটি তাদের গন্তব্য স্থলে ছেড়ে চলে যায়। এ ব্যাপারে নৌ-পুলিশ ফাঁড়িতে একটি জিডি করা হয়েছে।
