ক্ষুধা যেন কিছুতেই মিটছে না রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার রোনাল্ডোর। তৃতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর ঘরে তুলেও আরো একটি ব্যালন ডি’অরের স্বপ্ন দেখতে শুরু করেছেন এই পর্তুগিজ তারকা। কারণ তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ধরতে দরকার আরও একটি ব্যালন ডি’অর।
রবিবার মেসি-নয়ারকে পেছনে ফেলে ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পর রোনালদো বলেছেন, ‘এই মুহূর্ত ভোলার নয়, তবুও আমি এখানে থামতে চাই না। কারণ আমি মেসিকে ধরতে চাই।’ তিনি বলেন, ‘প্রত্যেকটি মৌসুমই আমার জন্য নতুন চ্যালেঞ্জ...এটা (ফিফা ব্যালন ডি’অর জয়) আমাকে একই লক্ষ্য নিয়ে ২০১৫ সাল শুরু করার অনুপ্রেরণা দিচ্ছে।’
২০০৭ সালে প্রথম ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আসেন রোনালদো। ২০০৮ সালে প্রথম এই পুরস্কার জেতেন তিনি। এরপর কেবল ২০১০ সালের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না রোনালদো। ২০০৯, ২০১১ ও ২০১২ সালে মেসির পেছনে থেকে দ্বিতীয় হন তিনি। এই চার বছর টানা বর্ষসেরা হন মেসি।
