নোয়াখালীতে এবার হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল। বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর ৬ পর্যন্ত ২৪ ঘণ্টা এ হরতালের ডাক দেয়া হয়।
মঙ্গলবার বিকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতালের বিষয়ে জাননো হয়।
এ দিকে আজ জেলাতে বিএনপি সহ ২০ দলের ডাকে মোহাম্মদ শাহজাহানের মুক্তির দাবিতে সকাল - সন্ধ্যা হরতাল পালিত হয়।
হরতাল ও অবরোধকে কেন্দ্র করে পুলিশ জেলার কয়েকটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতরাত ও আজ সকাল পর্যন্ত জামায়াত - ছাত্র শিবিরের ৫ জন ও বিএনপি’র ১২ জনসহ ১৭ জন নেতা কর্মীকে আটক করে। তাদের মধ্যে সুর্বণচরের চরজব্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিক মেম্বার ও কোম্পানীগঞ্জ উপজেলার জামায়াত নেতা কাজী হানিফ রয়েছেন। আটককৃত জামায়াত নেতার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে জেলা ডিবি পুলিশ জানায়।
