ধানক্ষেতে ইঁদুর মারার জন্য নিজের দেয়া বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী পাইক (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। পুলিশ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জবসেন গ্রামে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষার জন্য ক্ষেতের আইলে তার দিয়ে বিদ্যুত্ সংযোগ দেয় সৈয়দ আলী পাইক। ক্ষেতে যাওয়ার পূর্বে তিনি (সৈয়দ আলী) তার পুত্রবধূকে সুইচ বন্ধ করতে বলেন। ভুলে তার পুত্রবধূ অন্য সুইচ বন্ধ করেন। সকাল সাতটার দিকে সৈয়দ আলী তার ধানক্ষেতে গেলে নিজের দেয়া বিদ্যুত সংযোগের তার পায়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
