রাজস্বের লক্ষ্য অর্জনে নতুন কর্মকৌশল : এনবিআর চেয়ারম্যান

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৮:২৯
চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনে নতুন কর্মকৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, জনবান্ধব কর কাঠামো গড়ে তোলার মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করা হবে। এ জন্য করদাতাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হবে না। কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হবে। এ লক্ষ্যে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। সেই সঙ্গে কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তির ব্যবস্থাও থাকবে।
সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার প্রথমবারের মত রাজধানীর সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে আসেন। এনবিআরের কর্মকর্তার কর্মচারীরা নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটি নাতিদীর্ঘ বৈঠকও করেন। পরে উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বলেন।
চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। অর্থবছর শেষ হতে আরো প্রায় ৬ মাস বাকি। ইতিমধ্যে ৫ মাসের হিসাবে রাজস্ব আদায় প্রায় দেড় হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে। ইতিমধ্যে মেয়াদ পূর্ণ হওয়ায় গত ৮ জানুয়ারি অবসরে যান সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান গোলাম হোসেন। এ পরিস্থিতিতে নতুন চেয়ারম্যানের পক্ষে রাজস্বে লক্ষ্যমাত্রা অর্জনের উপায় কী হতে পারে এমন প্রশ্নে নজিবুর রহমান বলেন, রাজস্ব ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। ব্যাক্তির আসা-যাওয়া এতে প্রাভাব ফেলে না। বিদ্যমান কাঠামোর মধ্যে করবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো হবে। এ জন্য এনবিআরের শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সহযোগিতা নেয়া হবে। এছাড়া রাজস্ব প্রশাসনে দীর্ঘদিন ধরে উত্তম চর্চা আছে দাবি করে তিনি বলেন, করদাতারা এখন এনবিআরকে ইতিবাচক হিসেবে দেখেন।
প্রসঙ্গত, গত রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে মো. নজিবুর রহমান পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।