সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে বুধবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে ছাত্র শিবির। মঙ্গলবার সিলেট শহরের সুবিদবাজারে মিছিল পরবর্তী সমাবেশ থেকে হরতাল ঘোষণা করেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক। এহসানুল মাহবুব জুবায়েরকে মুক্তি না দিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেয় তারা।
এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা এবং জেলা ছাত্রদলের নেতা আহমেদ চৌধুরী ফয়েজ ও মাহফুজুল করিম জেহিনসহ আটক জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাক্ষাণকারী বিদ্রোহী নেতারা মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ হরতাল আহ্বান করেছে। হরতাল আহ্বান করে বিবৃতিদানকারী নেতারা হলেন ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুরশেদ প্রমুখ।
