কুমিল্লার চান্দিনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় রাস্তার পাশে থামানো ভাড়া করা কলেজ বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানাযায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ুয়া দাউদকান্দি-চান্দিনা-দেবিদ্বার ও বুড়িচং উপজেলা অংশের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কুমিল্লা-ব্রাহ্মবাড়িয়া সড়কের নাহিম পরিবহনের বাসটি (ঢাকা-জ-৩৬৫৪) ভাড়া করে কলেজ কর্তৃপক্ষ।
বাসটি প্রতিদিন সকাল ৭টায় চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে ছেড়ে যায় এবং বিকাল ৩টায় শিক্ষার্থীদের নিয়ে আবার চান্দিনায় পৌঁছে।
মঙ্গলবারও একই ভাবে বিকেলে শিক্ষার্থীদের নামিয়ে চান্দিনা স্টেশন এলাকায় বাসটি থামিয়ে দরজা-জানালা বন্ধ করে রেখে যায় গাড়ির চালক।
সন্ধ্যায় সোয়া ৭টায় হঠাত্ গাড়িতে আগুন দেখে স্থানীয়রা চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
এব্যাপারে চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, থামানো গাড়িতে কারা অগ্নিসংযোগ করেছে তাত্ক্ষনিক ভাবে বলা যাচ্ছে না।
