বগুড়ায় কলেজছাত্র খুন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ১২:২৯

বগুড়ায় আসাদুজ্জামান সোনা (২২)  নামের এক  কলেজ ছাত্র খুন হয়েছে । বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসিন্দা। তিনি বগুড়া  শহরের মালগ্রাম এলাকায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বুধবার সকালে  আলতাফুন্নেছা খেলার মাঠে ফুটবল খেলতে আসে। এ সময় সোনার সাথে রাকিব নামের  এক যুবকের বিরোধ হয়। এ বিরোধের জের রাকিব সোনাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই ) মঞ্জুরুল হক ভুঁইয়াা জানান, মাঠের পার্শ্বের ডাস্টবিনের কাছে নিহতের লাশ পড়ে ছিল। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তার ব্যবহৃত বাইসাইকেলটিও পাশে পড়ে ছিল। প্রাথমিক ভাবে রাকিব নামের সন্দেহভাজন যুবকের নাম পাওয়া গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।