দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ভিয়েতনামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সীমান্তবর্তী ডং ডাং ট্রেন স্টেশনে এসে পৌঁছান কিম। উত্তর কোরিয়া থেকে চীন হয়ে কিমের সবুজ ও হলুদ রঙের ট্রেনটি সকালে ভিয়েতনাম এসে পৌঁছে। সেখান থেকে ১৭০ কিলোমিটার পথ গাড়িতে করে তিনি রাজধানী হ্যানয়ে পৌছান। আজ বুধবার থেকে দুই নেতা দু’দিনব্যাপী মুখোমুখি বৈঠক শুরু করবেন।
হোয়াইট হাউস জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌছান। হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স সাংবাদিকদের বলেছেন, বুধবার সন্ধ্যায় দুই নেতার সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিবেন কিম ও ট্রাম্প। এরপর মুখোমুখি বৈঠকে মিলিত হবেন তারা। সিঙ্গাপুরে ঐতিহাসিক প্রথম বৈঠকের আট মাস পর ফের মুখোমুখি হচ্ছেন কিম ও ট্রাম্প। সিঙ্গাপুরের ওই বৈঠকটি ছিল উত্তর কোরীয় কোনো নেতার সঙ্গে ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।
বিবিসি জানায়, গতকাল ডং ডাং স্টেশনে নামার পরপর কিমকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় কিম হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তার লিমুজিন গাড়িতে উঠে চলে যান। কিমের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার বোন কমি ইয়ো জং এবং প্রাক্তন জেনারেল কিম ইয়ং চোল। বৈঠকে তাদের সঙ্গে দুজন করে অতিথি ও একজন অনুবাদক থাকবেন। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরী থেকে নিবৃত রাখতে চেষ্টা করবেন ট্রাম্প এবং পিয়ং ইয়ংয়ের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতিও দিতে পারেন তিনি।
