যশোরে ট্রাক ও ট্যাঙ্কলরির চাপায় নিহত ৫

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ১৮:৪৯
 
 
যশোরে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ইউনিয়ন পরিষদের মেম্বরসহ চারজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার দুপুরে যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
অপরদিকে যশোর-খুলনা মহাসড়কের ট্যাঙ্কলরির চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। দুপুরে যশোরে এ দুটি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হন।
 
হাসপাতালে চিকিত্সাধীন আব্দুল হাই গাজী জানান, দুপুর একটার দিকে হতাহতরা মোটরসাইকেলে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে আসছিল। তারা সর্তক হওয়ার আগেই ট্রাকটি তাদের চাপা দেয়। এরপর ট্রাকটি পেছনের আরও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ ঘটনায় ৪ জন নিহত হন। নিহতরা হলেন— সদর উপজেলার কুয়াদা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মশিয়ার রহমান (৫২), মনিরামপুর উপজেলার বলিধা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (২৭), মনিরামপুরের কাশিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর শফিয়ার রহমান (৫৫) ও অজ্ঞাত পুরুষ (৪৮)। এদের দুজন ঘটনাস্থলে ও অপর দুই  হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আহত দুজন হলেন মনিরামপুরের মদনপুর গ্রামের আলী আহমেদের ছেলে আব্দুল হাই (৪৫) ও মথুরাপুর গ্রামের মুসাব্বির মোল্লার ছেলে সাহেব আলী (৪০)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শাহিনুর রহমানের চাচা সাংবাদিক আব্দুল আলীম জানান, শাহিনুর ভাড়ায় মোটরসাইকেল চালাত। দুপুরে যশোর থেকে মনিরামপুর ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। তার মোটরসাইকেলের তিনজনই মারা গেছে। অপর একটি মোটরসাইকেলের একজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় চার জন নিহত বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিত্সক মো. মনিরুজ্জামান। বাকি দুজন চিকিত্সাধীন রয়েছে।