গাজীপুরেরর কালিয়াকৈরে একটি বাসে বৃহস্পতিবার ভোর রাতে আগুন দিয়েছে দুবৃত্তরা। আগুনে ওই বাসের হেলপার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। নিহত হেলপারের নাম তোফাজ্জাল (১৮)। সে সুনামগঞ্জ জেলার নারায়ণতলা এলাকার ওহেদ আলীর ছেলে। এছাড়া গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৮ বিএনপি জামায়াত কর্মীকে জনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার বটতলা মহিষবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুবৃত্তরা। ওই বাসে হেলপার তোফাজ্জাল ঘুমিয়ে ছিল। আগুনে অগ্নিদগ্ধ হয়ে তোফাজ্জল ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন বাসে আগুনে হেলপার নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে টঙ্গী থানা এলাকা থেকে ৪ বিএনপি কর্মী এবং জয়দেবপুর থানা এলাকা থেকে ৪ বিএনপি-জামায়াতের কর্মীকে আটক করা হয়েছে।
