কুমিল্লায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১২:০৭

কুমিল্লায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায়  এ ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সফিউল আলম রায়হান ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোমেনকে কুপিয়ে আহত করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন রাণীরদীঘির পাড়ে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় দফায় দফায় গুলি ও ককটেল বিস্ফোরণের আওয়াজে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।