ডিএসইতে প্রকৌশল ও বস্ত্র খাতে লেনদেন ৩১ শতাংশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৮:৪০
 
 
 
 
পুঁজিবাজারে বৃহস্পতিবার শেয়ারদর বৃদ্ধিতে মিশ্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক বাড়লেও কমেছে ব্রড সূচক। এ ছাড়া, লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। এ দিকে, ডিএসইতে প্রকৌশল ও বস্ত্র খাতে ১০৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাজারের মোট লেনদেনের ৩১ শতাংশেরও বেশি।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা দেখে-শুনে বিনিয়োগ করছেন। এ জন্য, বাজারে লেনদেন বাড়ছে না।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি ৫৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ১৫ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৫ লাখ টাকার। যা আগের কর্মদিবসের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করায় ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হয়েছে। এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।