ফটিকছড়িতে তিন বনশ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা। বুধবার বিকালে প্রত্যন্ত লেলাং দুইধ্যা খোলা এলাকায় এ ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার খবরটি জানাজানি হয়।
অপহূতরা হলেন— এজাহার মিয়া(৪৫), হোসেন বলি(৪৬) ও আইয়ুব বলী(৪২)। তারা হাটহাজারি বন রেঞ্জের আওতাধীন ফটিকছড়ির সর্তা বন বিটের দৈনিকভিত্তিক কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি লক্ষ্মীছড়ি সীমান্তে ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা বাগানের পাশে দুইধ্যা খোলা এলাকার গভীর জঙ্গলে তাদেরকে ডেকে নিয়ে যায় ১০-১৫ জনের এক দল উপজাতীয় যুবক।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঐ এলাকাটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের নিয়ন্ত্রিত। সংগঠনটির সন্ত্রাসীরাই তাদের অপহরণ করে লক্ষ্মীছড়ির দুর্গম বনাঞ্চলে আটকে রেখেছে। পরিচয় প্রদানে অনিচ্ছুক স্থানীয় এক কাঠুরিয়া জানান, ‘৩ শ্রমিককে চোখ বেঁধে আগে পিছে অস্ত্র ধরে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা।’ তিনি বলেন, গত বছর একই এলাকা থেকে একজন ব্যবসায়ীকে পাহাড়ি সন্ত্রাসী ধরে নিয়ে যায়।
বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সর্তা বিট কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, সামাজিক বনায়নের কাজ করার জন্য তাদেরকে রাখা হয়েছে। তারা প্রতিদিনের ন্যায় একটি পাহাড়ের জঙ্গল পরিস্কার করার কাজে নিয়োজিত ছিল। পরে স্থানীয় কাঠুরিয়ার মাধ্যমে জানতে পারলাম উপজাতি একদল সন্ত্রাসী এসে তাদেরকে ধরে নিয়ে গেছে।
ফটিকছড়ির নানুপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি বাবু বলেন, অপহূতরা সবাই আমার ইউনিয়নের গামারি তলা ও ঢালকাটা এলাকার বাসিন্দা। তবে লক্ষ্মীছড়ি জোনের স্থানীয় সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন জায়েদ বলেন, আমরা এ ধরনের ঘটনা এখনও পর্যন্ত শুনিনি। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিদ্যুত্ কুমার বড়ুয়া বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু বিস্তারিত এখনও জানিনা কি হয়েছে। থানায় কোন প্রকার অভিযোগ আসেনি।
