৫-০ গোলে চেলসির বড় জয়

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ০২:১৬

শনিবার সোয়ানসি সিটিকে ৫-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। খেলার প্রথম মিনিটে প্রথম গোলটি করে অস্কার।

ডি বক্সের সামনে সতীর্থকে ব্যাক পাস দিতে গিয়েছিলেন প্রতিপক্ষের সিগার্ডসন। কিন্তু তার দুর্বল পাস পেয়ে যান অস্কার। ডান দিক থেকে বল পায়ে খানিকটা এগিয়ে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
২০তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে দ্বিতীয় গোলটি হয়। অস্কার আর উইলিয়ানের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে সেস ফাব্রেগাস পাস দেন দিয়েগো কস্তাকে। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান স্পেনের এই স্ট্রাইকার। ৩৪তম মিনিটে আরেকটি গোল করেন কস্তা। ব্যাবধান দাড়ায় ৩-০।
দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন অস্কার।  ৭৯তম মিনিটে গোললাইনের কাছ থেকে সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের বাড়ানো বল ধরে দলের পঞ্চম গোলটি করেন বদলি হিসেবে নামা জার্মানির স্ট্রাইকার আন্দ্রে শুরলে।
এই জয়ে ২২ ম্যাচে চেলসির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৫২। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে কিউপিআরকে। ২২ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৪০। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল।