আইসক্রিমের কথা শুনলে কার জিভে জল না আসে। আইসক্রিমের প্রতি আকর্ষণ যেন কন কনে ঠান্ডা শীতকেও হার মানায়। এরই প্রতিচ্ছবি দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আইসক্রিমের মিনি প্যাভিলিয়ন ঘুরলে। দৃষ্টিনন্দন আইসক্রিমের প্যাভিলিয়ন ঘিরে শিশু ও তরুণ-তরুণীদের ভিড়ই বেশি লক্ষ্য করা গেছে।
শীতে দুই বাচ্চাকে আইসক্রিম কিনে দেয়ার ইচ্ছা না থাকলেও তাদের বায়নায় হার মানতে হলো রাজধানীর কাজীপাড়া থেকে মেলায় আসা পারভিন আক্তারকে।
আইসক্রিম প্যাভিলিয়নে তার সাথে আলাপকালে জানান, প্যাভিলিয়নের পাশ থেকে যেতে না যেতেই বাচ্চাদের চোখ চলে গেছে আইসক্রিমের দিকে। তাই শেষ পর্যন্ত আইসক্রিম কিনেই ক্ষান্ত হলো। প্যাভিলিয়নগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, বাচ্চাদের চোখ কেউ আটকাতে পারে না।
প্যাভিলিয়নের এক বিক্রেতা বলেন, মেলা থেকে আইসক্রিম কিনলে ক্রেতা পাবেন একটি কূপন। কূপন ঘষলেই ভাগ্যবান ক্রেতা পেয়ে যেতে পারেন মোবাইল হ্যান্ডসেট।
এই মিনি প্যাভিলিয়নে পোলারের চকবার, টু-ইন ওয়ান, ক্রাঞ্চি, পেঙ্গুইন, দই, ক্ষীরসহ মোট ১৪ ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে হাতে তৈরি স্কুপের ওপর দেওয়া হচ্ছে বাদাম, গার্নিচারসহ নানা উপকরণ। যা খেতে সুস্বাদু ও মজার বলে জানান আরেক বিক্রেতা।
শুধু আইসক্রীমের প্যাভিলিয়নেই নয়, প্রাণ, ইফাদ, ড্যানিস, এইচআরসি, নেসক্যাফেসহ বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়নেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া মেলায় আছে বেশ কয়েকটি ফাস্টফুডের রেস্টুরেন্টও। দর্শনার্থীরা কেউ পণ্য ক্রয় করছেন আবার কেউ খেতে খেতে আ্ড্ডায় জমছেন।
সচারচার সব পণ্যের সাথে নতুন পণ্যগুলো নিয়ে এসেছে খাবার পণ্যের প্রতিষ্ঠান প্রাণ। এসব পণ্যের ওপর মেলা উপলক্ষে মূল্যছাড়ও দেয়া হচ্ছে। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় ব্যস্তময় হয়ে উঠেছে প্যাভিলিয়নটি। স্লিম মিল্ক, প্রাণের দধি, হিমায়িত সিঙ্গাড়া, সমুচা, ভেজিট্যাবল রোলের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানান প্যাভিলিয়নের এক বিক্রেতা। পণ্যের ওপর ৫ থেকে ১০ শতাংশ মূল্যছাড়েরও ব্যবস্থা রয়েছে। এছাড়া ১০০ টাকার একটি প্যাকেজ কিনলে ক্রেতা পাবেন ১০ টাকা মূল্য ছাড়।
মেলায় ইফাদের একটি সুউচ্চ প্যাভিলিয়ন রয়েছে। পাওয়া যাচ্চে চিপস্, কাস্টার কেক, আটা, ময়দা, নুডুলসসহ বিভিন্ন ধরনের খাবার পণ্য। এখান থেকে পন্যের প্যাকেজ কিনলে ক্রেতারা পাচ্ছেন মূল্যছাড়। প্যাকেজ কেনা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ বলে জানান এক বিক্রেতা। কারণ খুচরা কিনলে তো ছাড় পাবেন না ক্রেতা। শুধু মেলায় এ ছাড় দেয়া হচ্ছে বলে জানান ওই বিক্রেতা।
বাসায় যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার পণ্য কিনে নিলেন পুরান ঢাকা থেকে মেলায় আসা আফসানা। তিনি বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় বাচ্চাদের সাথে নিয়ে আসতে সাহস করিনি। তাই কিনে নিলাম ওদের পছন্দের সব খাবার।
