দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টায় দিকে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
জানা গেছে, কতিপয় আফ্রিকান সন্ত্রাসী সোহেলের দোকানে এসে চাদা দাবি করে। চাদা না দেয়ায় তারা সোহেলকে গুলি করে হত্যা করে।
রবিবার ভোর সাড়ে চারটায় সোহেলের নিহত হওয়ার খবরটি বাড়িতে পৌঁছলে জ্ঞান শূন্য হয়ে পড়েন তার বাবা নূরুল ইসলাম। পরে স্থানীয় চিকিত্সকের সেবায় জ্ঞান ফিরে আসে তার। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ-আফ্রিকায় বসবাসরত নিহত সোহেলের মামা ও খালুদের সাথে সার্বিক যোগাযোগ চলছে বলে জানায় নিহতের চাচা খোকন।
পারিবারিক সূত্রে জানা যায়, ছায়কোট জামিরাপাড়া গ্রামের ব্যবসায়ী নূরুল ইসলামের ছেলে সোহেল ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখার সুযোগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে তার মামা ও খালুদের আশ্রয়ে থাকতে শুরু করেন। পরবর্তীতে তিনি ওই দেশের শ্রমিক হিসেবে কাজে যোগদান করেন। কর্মের সুবাদে তিনি খালু আবু ইউসুফ এর নিজ ব্যবসা প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকার যুজনি কাউয়াজুলিনাতাল এলাকার দোকানে কাজ করতেন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এখনও আমি কিছুই জানতে পারিনি। যেহেতু এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী মন্ত্রণালয় অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
