ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো ম্যান সিটি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৭:২৩
 
 
স্প্যানিশ এটাকিং মিডফিল্ডার সান্তি কাজোরলার কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এই মিডফিল্ডারের এক গোল ও অপর গোলে সহায়তায় আর্সেনাল জিতেছে ২-০ গোলে। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা চেলসির থেকে আরো পিছিয়ে পড়লো। অন্যদিকে দারুণ এক জয় নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকলো গানার্সরা।
 

পেনাল্টি থেকে ২৪ মিনিটে প্রথমে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন কাজোরলা। দ্বিতীয়ার্ধে তার সহায়তায় পাওয়া বলে হেড করে অলিভার জিরাড আর্সেন ওয়েঙ্গারকে দারুণ এক জয় উপহার দেন। এই জয়ে ওয়েঙ্গারের দলের শীর্ষে চারে থাকার স্বপ্ন দারুণভাবে টিকে থাকলো। এই জয়ে অবশ্য গানার্সদের একটি প্রতিশোধ মিশনও পূরণ হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এই মাঠ সফরে সিটিজেনদের কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল আর্সেনাল। আগামী ৩১ জানুয়ারি স্ট্যামফোর্ড সফরে যাবার আগে টেবিলের শীর্ষে থাকা চেলসির থেকে ম্যান সিটির এখন পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছেন পাঁচ। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে মূল প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর্সেনালের জয় খুব সচরাচর আসেনি। কিন্তু চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে মাত্র এক পয়েন্ট ও চেলসির থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে থাকা বর্তমানের আর্সেনালের জন্য এই জয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমেয়। নিজেদের আত্মবিশ্বাস পুনরুত্থানেও সহায়ক হিসেবে এই জয় অবশ্যই কাজ করবে।