চলতি মাসে রাজনৈতিক অস্থিতিশীলতায় বিনিয়োগকারীরা সতর্কভাবে বিনিয়োগ করছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এতে উভয় শেয়ারবাজারে লেনদেন কমে গেছে। পাশাপাশি দরপতনও চলছে টানা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কর্মদিবস ধরে সূচক কমছে।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোটি ১৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৯৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ২৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
