পাইকারি বিদ্যুতের দাম ৫.১৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ২১:৪৩
 
 
বিদ্যুতের দাম পুননির্ধারণের জন্য শুরু হয়েছে গণশুনানি। বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন, বিতরণ সকল পর্যায়ে বিদ্যুতের দাম পুননির্ধারণ হবে।
 
মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারস্থ টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) বিদ্যুতের পাইকারী মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। বিপিডিবি বিদ্যুতের পাইকারি মূল্য ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে । তবে গণশুনানি শেষে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি পাইকারি বিদ্যুতের দাম ৫ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে।
 
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ গণশুনানি গ্রহণ করেন। শুনানিতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও কোম্পানি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
 
শুনানি শেষে কমিশন সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, সার্বিক বিষয়ে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত দেয়া হবে। তিনি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা হবে। তারপর সিদ্ধান্ত দেয়া হবে।  দাম বড়ানো হলে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে বলে তিনি জানান।