যুক্তরাজ্যে বাংলাদেশি ছাত্রদের অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন-ইউকে (বিএসইউ-ইউকে)’দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপিয়ান কমিশনের সেন্ট্রাল লন্ডনস্থ কার্যালায়ে মঙ্গলবার স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে বলা হয়, বালাদেশে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের ফলে প্রবাসে বসবাসরত সকল স্তরের বাংলাদেশিদের মধ্যে দিনদিন উদ্বেগ বেড়ে চলছে। বিশেষ করে চলমান রাজনৈতিক গোলযোগের মাঝে বিচ্ছিন্ন হামলা, পরিবহনে অগ্নিসংযোগ, গুম-খুন ও বিচার বর্হিভুত হত্যাকােণ্ড প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিকভাবে আতঙ্কে দিন কাটাচ্ছে। এঅবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সর্বদলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন।
স্মারকলিপিতে ইউরোপিয়ান কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে এবিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারপার্সন আতাউল্লা ফারুক, সাধারণ সম্পাদক এস এইচ সোহাগ, সদস্য মুজিবুর রহমান, ইমাদ উদ্দিন রানা, মাহমুদুল হাসান, মোহাম্মদ তওফিক, লুৎফুর রহমান, মাহবুব হাসান তোপা , হাসান আহমদ শিপন, নিহাদ আহমদ সুপ্ত প্রমুখ।
সাংবাদিক ও গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, সরকারকে অবশ্যই সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদপত্রের কণ্ঠরোধের কারণে বিদেশে বাংলাদেশের সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। এটা প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের জন্য একটি লজ্জার বিষয়।
এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারি একটি দেশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রীয় সংস্থা গুলোকে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধাশীল হতে হবে।
