কোপা দেল রে’র প্রথম লেগে মেসির গোলে আতলেটিকো মাদ্রিদকে হারাল বার্সেলোনা। বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ১-০ গোলে আতলেটিকোকে হারায় বার্সা।
জয় নিয়ে মাঠ ছাড়লেও এজন্য বেশ বেগ পেতে হয়েছে বার্সাকে। দশ দিন আগে বার্সা লা লিগায় অ্যাতলেটিকোর বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছিল। তবে গতকালকের ম্যাচে বেশ চাপে ছিল দলটি। ম্যাচ শুরুর প্রথম থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথমার্থে কয়েকবার গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও দুই দলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত খেলার ৮৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি।
বক্সের মধ্যে বল দখলের এক পর্যায়ে আতলেতিকোর হুয়ানফ্রান বার্সেলোনার সের্হিও বুসকেতসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মেসির নেয়া পেনাল্টি শট প্রথম দফায় রুখে দিলেও শেষরক্ষা করতে পারেননি ইয়ান ওব্লাক। ফিরতি শটে তাকে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচে ফাউল করায় বার্সেলোনার লুইস সুয়ারেজ ও জাভিয়ার মাশ্চেরানো বার্সার হয়ে হলুদ কার্ড পান। অন্যদিকে অ্যাতলেটিকোর মিরান্ডাও হলুদ কার্ড পেয়েছেন।
