রাজশাহীতে বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এজাহারে মিনু ও বুলবুলসহ ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অপর ৬০ জন আসামী অজ্ঞাতনামা। নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলার সত্যতা স্বীকার করে বোয়ালিয়া থানার ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আসামীরা কেউ গ্রেফতার হয়নি। তবে ওসি দাবি করেন, আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি মধ্যরাতে ঢাকাগামী শিশির পরিবহণের বাসে পেট্রোল বোমার মেরে আগুন দেয়ার ফলে অনেকেই দগ্ধ হন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
