অবরোধ প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাঁচাবাজারের ক্ষতিগ্রস্ত সবজি ও ক্ষুদে ব্যবসায়ী ও শ্রমিকরা বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সবজি ছড়িয়ে বিক্ষোভ করেছেন। দুপুরের দিকে কয়েকশ’ সবজি বিক্রেতা ও ক্ষুদে ব্যবসায়ী বস্তাভর্তি সবজি ও হাতে সবজি ও কাঁচামাল নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা অবরোধ তুলে নেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ক্ষতিপূরণও দাবি করেন। পরে পুলিশি বাধার মুখে শ্রমিকরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ সময় তারা রাস্তায় লাউ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, বেগুন ছিটিয়ে ক্ষোভ জানান।
বাড্ডা এলাকার কাঁচামাল ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আমরা অবরোধের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পরিবার-পরিজন নিয়ে আমরা এখন মানবেতর জীবন যাপন করছি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা বাধ্য হয়েই খালেদা জিয়ার কার্যালয়ের সামনে হাজির হয়েছি। আমাদের সবজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই সবজি খালেদা জিয়াকে দিতে চাই। নইলে অবরোধ তুলে নেয়া হোক অথবা আমাদের ক্ষতিপূরণ দেয়া হোক। এ ভাবে চলতে পারে না। আমরা মারা যাচ্ছি, আমাদের কোনো কাজ নেই। তিনি বলেন, বিক্ষোভ করার কারণ হচ্ছে, কাঁচাবাজারের সবজি নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। তাই তাদের নষ্ট হয়ে যাওয়া সবজি খালেদা জিয়ার কার্যালয়ে দিতে এসেছি।
নতুনবাজার কাঁচাবাজারের শ্রমিক সর্দার নাসিরুদ্দিন বলেন, আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। আমরা এ জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে এসেছি। হয় তারা আমাদের ক্ষতিপূরণ দেবেন, না হলে অবরোধ তুলে নিতে হবে।
