মাদ্রিদের রাস্তায় ভবঘুরে রোনালদো!

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৪:৫০
 
সকালের ভিড়ে ঠাসা মাদ্রিদের রাস্তা। ধূসর রঙের জ্যাকেট, ট্রাউজার্স এবং পায়ে স্নিকার্স পরিহিত একজন অতি সাধারণ মানুষ। চট করে দেখলে কোনো ভবঘুরে ছাড়া আর কিছুই মনে হবে না। হঠাত্ পায়ে একটা বল নিয়ে তিনি জাগলিং শুরু করে দিলেন। এটা দেখে পথচারীরা একেবারে অবাক। আর হবেন না কেন, তিনি যে বিশ্বের একনম্বর ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো যে, ছদ্মবেশে নকল দাঁড়িয়ে গোঁফ লাগিয়ে রাস্তায় ঘুরবেন তা ভাবতেই পারেননি মাদ্রিদের মানুষ। বিখ্যাত স্প্যানিশ গায়ক হুয়ান পেনার-এর মোবাইল ফোনে তোলা পুরো ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় বয়ে যায়। টুইটার থেকে ফেসবুকের সমর্থকদের অবিশ্বাস্য প্রতিক্রিয়ায় ভরে যায়। সবার তখন একটাই বক্তব্য, ভক্তদের জন্য মেসি যা কোনো দিন করার কথা ভাবতেও পারেন না, সেটাই করে দেখালেন রোনালদো।
খুদে এক সমর্থক যেন বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। রোনালদো তাকে জড়িয়ে ধরলে বালকটির মুখে ছিল বিস্ময় মাখানো হাসি। রোনালদোকে চিনতে পেরেই তার ভক্তরা ঝাঁপিয়ে পড়েন অটোগ্রাফ নেয়ার জন্য। সিআরসেভেনের সঙ্গে সেলফি তোলার সুযোগও কেউ ছাড়েননি। খবর: কলকাতা২৪।