তানোর ব্র্যাকমোড়ে যাত্রীবাহী ‘ইয়া রাব্বি’ পরিবহণের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১২জনসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ‘ইয়া রাব্বি’ পরিবহণের বাসের চালক নজরুল ইসলাম শুক্রবার রাতেই তানোর থানায় মামলাটি দায়ের করেন।
তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামিরা সকলেই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী মামলাটি তদন্ত করছেন। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ অমিকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় পাঁচ বছরের দুই শিশুসহ ১০ যাত্রী দগ্ধ হয়। তাদের প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্কি করা হয়। আহতরা এখনো আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক সূত্রে জানা গেছে
