নিউইয়র্কে কোকোর আত্মার মাগফিরাত কামনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১১:৪৩
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি সমর্থক প্রবাসী বাংলাদেশিরা শরীক হন।
দোয়া মাহফিল শেষে মোনাজাতে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে চিকিত্সাধীন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবর রহমান মজুমদার, সিনিয়র নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ব্রুকলিন বিএনপির প্রেসিডেন্ট কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সারওয়ার্দী প্রমুখ।
দোয়া মাহফিল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদেক হোসেন খোকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন।
এসময় তিনি বলেন, কোকো রাজনীতিবিমুখ ছিলেন। অথচ তাকে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দেশ ছাড়তে হয়েছে।
সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, কোকোর মৃত্যুতে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর সমবেদনা জানানো নিয়ে রাজনীতি করা হচ্ছে। শেখ হাসিনা এমন সময় গিয়েছেন যখন খালেদা জিয়া ঘুমোচ্ছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নিশ্চিত হয়ে সেখানে যাওয়া উচিত ছিল।
এদিকে আরাফাত রহমানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি স্থানীয় সময় রবিবার গায়েবানা জানাযার আয়োজন করেছে। জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে এই জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা।