মাশরাফিদের অস্ট্রেলিয়া-যাত্রা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১২:৫৩
ফ্লাইট নম্বর—বি সেভেন সেভেন ডব্লু; বোয়িং ট্রিপল সেভেন সিরিজের টুইন জেট বিমান।
প্রতিদিন সকাল-বিকাল শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এই প্রতিষ্ঠানের, এই গড়নের, এই সিরিজের গন্ডাখানেক বিমান ছেড়ে যায় দুবাইয়ের উদ্দেশে। গতকাল রাত নয়টা পাঁচ মিনিটে রানওয়ে ধরে ছুটতে থাকা বিমানটাকে বাইরে থেকে তাই আলাদা কিছু বলে মনে হওয়ার কথা নয়।
কিন্তু এই বিমানটা বিশেষ কিছু, এই বিমানটা অশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই বিমানটা বহন করে নিয়ে গেলো বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নসারথীদের। হ্যা, গতকাল রাতে বিশ্বকাপ মিশন মাথায় নিয়েই দুবাই হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দলের অংশ হিসেবে বিমানে চাপেননি অবশ্য দুই শীর্ষ তারকা সাকিব ও তামিম। সাকিব বিগ ব্যাশ খেলা শেষ করে অস্ট্রেলিয়াতে অপেক্ষা করছেন। আর তামিম যাবেন আজ।
গত মাসখানেক ধরে এই বিশ্বকাপ প্রস্তুতি, সম্ভাবনা, লক্ষ্য নিয়ে অবিরল কথা বলতে হয়েছে খেলোয়াড়-কোচদের। সকাল-সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করার পাশাপাশি বার বার তারা জানিয়েছেন, নিজের স্বপ্নের কথা, সামর্থ্যের কথা। গতকাল একেবারে যাত্রা শুরু করার লগ্নে আরও একবার বলতে হল। সেই কথা বলতে গিয়ে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার আর কোনো লক্ষ্যের কথা অবশ্য বললেন না; বলতে চাইলেন না। শুধু আবেগ মেশানো গলায় বললেন, ‘আমরাও একটা স্বপ্ন নিয়ে যাচ্ছি। স্বপ্ন ছোট হোক, বড় হোক; সেটা পূরণ করে ফিরতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।’
শুনে যেমন মনে হয়, বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে গিয়েই অবশ্য বিশ্বকাপ খেলা শুরু করবে না।
বাংলাদেশের আসল বিশ্বকাপ মিশন শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আইসিসির অধীনে অনুশীলন শুরু করার ভেতর দিয়ে। তার আগ পর্যন্ত বাংলাদেশ নিবিড় অনুশীলনে সময় কাটাবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ওভালে নিজেদের আয়োজনে তৈরি করা বেসক্যাম্পে। এই মাঠেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশের বিপক্ষে ফেব্রুয়ারির ১ ও ৩ তারিখে দুটি অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবেন মাশরাফিরা।
এরপর আইসিসির অধীনে চলে যাওয়ার পর তাদের ব্যবস্থাপনায় বাংলাদেশ দুটি অনুশীলন ম্যাচ খেলবে সিডনিতে; ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ১৮ ফেব্রুয়ারি ক্যানাবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মূল বিশ্বকাপ লড়াই।
তবে অধিনায়ক মাশরাফি গতকালও বললেন, তাদের বিশ্বকাপটা কেমন হবে, সেটা আসলে নির্ভর করছে চারটি অনুশীলন ম্যাচের ওপর। সেখানেই নিজেদের শক্তি-দুর্বলতাটা বুঝে নিতে চান তারা।
বিশ্বকাপে বাংলাদেশের খেলা
ওয়ার্মআপ—
তারিখ                           প্রতিপক্ষ                  ভেন্যু
০১ ফেব্রুয়ারি               সিএ একাদশ           ব্রিসবেন
০৩ ফেব্রুয়ারি               সিএ একাদশ           ব্রিসবেন              
০৯ ফেব্রুয়ারি               পাকিস্তান                 সিডনি
১২ ফেব্রুয়ারি               আয়ারল্যান্ড             সিডনি
মূল টুর্নামেন্ট—
তারিখ             প্রতিপক্ষ       ভেন্যু          বাংলাদেশ সময়        
১৮ ফেব্রুয়ারি  আফগানিস্তান                  ক্যানবেরা       সকাল ৯:৩০
২১ ফেব্রুয়ারি  অস্ট্রেলিয়া     ব্রিসবেন      সকাল ৯:৩০
২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা          মেলবোর্ন    সকাল ৯:৩০
০৫ মার্চ           স্কটল্যান্ড      নেলসন      ভোর  ৪:০০
০৯ মার্চ           ইংল্যান্ড        অ্যাডিলেড সকাল ৯:৩০
১৩ মার্চ           নিউজিল্যান্ড হ্যামিল্টন   সকাল ৭:০০