স্প্যানিশ লিগের ম্যাচে কর্ডোবার ডিফেন্ডার এডিমারকে লাথি মারার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনবারের বিশ্ব সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনল্ডো। এই কারণে অবশ্য পর্তুগিজ এই তারকাকে লাল কার্ড দেখানো হয়। এই নিয়ে ক্যারিয়ারে নবমবারের মত লাল কার্ড পেলেন সিআর সেভেন। ম্যাচটিতে গ্যারেথ বেলের শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে জয়ী হয়েছে গ্যালাকটিকোরা।
নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে রোনাল্ডো লিখেছেন, ‘এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে এডিমারের কাছে। আজকের ম্যাচে এভাবে রাগ করা আমার কোনভাবেই উচিত হয়নি।’
গতকাল শনিবার অনুষ্ঠিত পুরো ম্যাচেই রিয়াল এবারের মৌসুমে অন্যতম বাজে পারফরমেন্স প্রদর্শন করেছে। যার জন্য প্রথম থেকেই রোনাল্ডোকে বেশ ক্ষিপ্ত দেখা গেছে। সেই সুযোগে রেলিগেশনের হুমকিতে থাকা কর্ডোবা রিয়ালের উপর আরো চেপে বসে। ম্যাচের তিন মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ায় রিয়ালের ক্ষোভ যেন আরো বেড়ে যায়। ম্যাচ শেষের সাত মিনিট আগে স্কোর যখন ১-১ তখনই একটি ঘটনা থেকে রোনাল্ডো এডিমারকে লাথি মেরে বসেন। পরিণামে লাল কার্ড পেয়ে মাঠে বাইরে চলে যেতে হয়। যদিও ম্যাচ শেষের দুই মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে রক্ষা করেছেন গ্যারেথ বেল।
এই লাল কার্ডের কারণে রোনাল্ডোকে হয়ত লা লিগার তিনটি ম্যাচ দর্শক হয়ে উপভোগ করতে হতে পারে। পরবর্তী তিনটি ম্যাচে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে।
