বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার পর শনিবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষাও দিয়েছেন বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী। এই পরীক্ষায় উতরে যাবেন বলে আশা করছেন তিনি। এ বিষয়ে সোমবার সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষায় ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিশাল বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের খেলা দেখতে আসেন সোহাগ। এই সময় সাংবাদিকদের মুখোমুখি হন এই তারকা বোলার। গাজী বলেন, ‘আমি যদি পায়ের ল্যান্ডিং সমস্যা নিয়ে কাজ করতাম, তাহলে হয়তো এই সমস্যায় পড়তাম না। আজ বিশ্বকাপ দলের সঙ্গে যেতে পারতাম। জাতীয় দলের খেলা নিয়ে ব্যস্ত থাকায় কাজ করতে পারিনি।’
চেন্নাইয়ের পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘শুরুতে একটু স্নায়ু চাপে ভুগছিলাম। সবার সঙ্গে কথা বলে সহজ হই। কার্ডিফের মতো একই ধরণের টেস্ট ছিল চেন্নাইয়ে। তবে ওভার একটু কমিয়ে বোলিং করানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমার কনুই সর্বোচ্চ ২৫ ডিগ্রির মতো বাঁকতো। এখন আমার নিজের কাছে মনে হয় সর্বোচ্চ ৫-৬ ডিগ্রি বাঁকে। এটুকুও না থাকলে হয়তোবা স্পিন করানো খুব কঠিন হয়ে যাবে। নেতিবাচক কিছু ভাবছি না। নেতিবাচক কিছু এলে করার কিছু থাকবে না।’
