পুঁজিবাজারে গত কয়েক দিন ধরে টানা দরপতনের পর মঙ্গলবার কিছুটা শেয়ারদর বাড়লেও বুধবার ফের দরপতন হয়েছে। উভয় শেয়ারবাজারের সূচক কমেছে, লেনদেনও রয়ে গেছে তলানিতে। লেনদেনের ক্ষেত্রে প্রাধান্য ছিল বস্ত্র ও জ্বালানি খাতের। এ দুই খাতে লেনদেন হয়েছে ৭১ কোটি টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩০ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৬৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
এ দিকে, ডিএসই জানিয়েছে—শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের বেক্সিমকো ফার্মা নতুন প্রকল্প ও মেশিনারি ক্রয়ের জন্য জার্মানির বিএইচএফ-ব্যাংক অ্যাক্তিয়েনগেসেলশাভ থেকে ঋণ নেবে। এ জন্য ব্যাংকটির সঙ্গে চুক্তি সই করেছে বেক্সিমকো ফার্মা।
জানা গেছে—নতুন প্রকল্প ও মেশিনারি ক্রয়ের জন্য জার্মানির বিএইচএফ ব্যাংক অ্যাক্তিয়েনগেসেলশাভ থেকে ৫ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ডলার ঋণ গ্রহণ করবে। ঋণের টাকায় এরই মধ্যে যন্ত্রপাতি ক্রয়ের কাজ চলছে। আগামী ২০১৬ সালের সেপ্টেম্বরের মধ্যে মেশিনারিজ স্থাপন শেষ হবে। ঋণের টাকার সুদ নির্ধারণ করা হয়েছে লাইবর রেটের চেয়ে ২ দশমিক ২৫ শতাংশ বেশি। ঋণের টাকা পাঁচ বছরের মধ্যে অর্ধবার্ষিক ১০টি কিস্তিতে পরিশোধ করতে হবে। বেক্সিমকো প্রতি কিস্তিতে ৫৫ লাখ ৯৭ হাজার ডলার পরিশোধ করবে।
