পুঁজিবাজারের জন্য দক্ষ জনবল প্রয়োজন: অর্থমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ২০:৪০
 
 
 
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পুঁজিবাজার অত্যন্ত জটিল জায়গা। এখানে কাজ করার জন্য প্রশিক্ষিত ও দক্ষ জনবল দরকার। অভিজ্ঞ না হলে এ পুঁজিবাজারে কাজ করা সম্ভব নয়। এ জন্য পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) কোর্স চালু করা হয়েছে।’ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পিজিডিসিএম কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০১০ সালের ভয়াবহ শেয়ারবাজার ধসের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে চার বছর সময় লেগেছে। এ ক্ষেত্রে বর্তমান কমিশন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অনেক আগে পুঁজিবাজার প্রতিষ্ঠা হলেও তা সত্যিকার অর্থে পুঁজিবাজার ছিল না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা আগে ঠিকভাবে কাজ করতে পারেনি। বর্তমান কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার নিয়ন্ত্রণ করছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল  হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ওসমান ইমামসহ বিআইসিএমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে—পিজিডিসিএমে কোর কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স ও অ্যাডভান্স কোর্স শিরোনামে আলাদা ভাগ করা হয়েছে। যেখানে প্রতিটি ভাগে থাকছে চারটি করে বিষয়। আসন সংখ্যা ৪৫। এর মধ্যে আইসিবি, আইসিএমএবি, আইসিএসবিসহ ক্যাপিটাল মার্কেট রেগুলেটর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটরদের জন্য ২০ শতাংশ হারে নয়টি আসন বরাদ্দ থাকবে। আর ৩৬টি আসনে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আসন বরাদ্দ করা হবে।